শ্যামলীতে সড়ক অবরোধ
আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে মারধরের প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।
এ সময় বিক্ষোভকারীরা ওই হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
গত ১৮ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইন ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে, যে ঘটনায় ইতোমধ্যে একটি জিডিও হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে সামনে বিক্ষোভ শুরু হলে মিরপুর থেকে আসাদগেট সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানের সমর্থকরা পাইন ও তার স্ত্রীর উপরে হামলা চালিয়েছিল।
বিক্ষোভে অংশ নেয়া মুক্তিযোদ্ধা আব্দুর রব এলএমজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রী বারাবর স্মারকলিপি দেয়া হবে।
বেলা সোয়া ১২টার দিকে সৈয়দ আহমেদ পাইনসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হলে রাস্তার একটি অংশ দিয়ে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু করে।
দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তাটি ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
