ঝিনাইদহে বিএনপি কর্মী খুন
ঝিনাইদহ সদর উপজেলায় এক বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল আজিজ (৩৮) হরিণাকুণ্ডু উপজেলার ভূঁইয়াপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।
সোমবার ভোরে সাধুহাটি গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া যায় বলে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই ইমরুল হোসাইন জানান।
পরিবারের বরাত দিয়ে এএসআই ইমরুল জানান, রোববার রাত দেড়টার দিকে কয়েকজন লোক উপজেলা নির্বাচনে ভোট চাওয়ার কথা বলে আজিজের বাড়িতে ঢোকে।
“তারপর তাকে অপহরণ করে নবগঙ্গা নদীর পাড়ে শ্মশানঘাটের কাছে ভুট্টা ক্ষেতের ভেতর নিয়ে গলা কেটে হত্যা করা হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, আব্দুল আজিজ আগে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ ) কর্মী ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।
