২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউশনের সাক্ষীদের হুমকি,লোভ দেখানোর অভিযোগ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাক্ষীদের বিভিন্ন ধরনের হুমকি ও প্রলোভনের দেখানোর অভিযোগ এনেছে প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 11:44 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রোববার মৌখিকভাবে এ অভিযোগ করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মো. কায়সারের মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় এদিন।

রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে বলেন, “এ মামলার প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী কবির উদ্দিনকে আগে থেকেই বিভিন্ন পরিচয়ে অনেকে যোগাযোগ করে বিভিন্ন প্রলোভন ও হুমকি দিয়ে আসছে। তারা সবাই জানিয়েছে,অভিযুক্ত সৈয়দ মো. কায়সার ও তার ছেলেদের পক্ষ থেকে এসেছে তারা।”

তিনি বলেন, “সর্বশেষ গত বৃহস্পতিবার এ সাক্ষীকে সেফ হোম থেকে পরিচিত কারো দ্বারা মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়া হয়।”

এরপর বিভিন্নভাবে যোগাযোগ বিভ্রাট হওয়ায় শনিবার সকাল পর‌্যন্ত ‘নিখোঁজ’ ছিলেন  সাক্ষী কাজী কবির উদ্দিন।

ট্রাইব্যুনাল প্রসিকিউটরের কাছে জানতে চান,এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়েছিল কি না।

উত্তরে প্রসিকিউটর জানান,সাক্ষীকে খুঁজে না পাওয়ার বিষয়টি জানতে দেরি হওয়ায় এবং তাকে খুঁজতে বিভিন্নভাবে ব্যস্ত থাকায় তা করা হয়নি।

এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাখার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল।

পরে রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন,“বৃহস্পতিবার মোবাইল ফোনে একজন পরিচিতের কল পেয়ে নিজেই সেফ হোম থেকে বেরিয়ে যান সাক্ষী কাজী কবিরউদ্দিন। পরে তারা অভিযুক্তের পক্ষ থেকে আসা লোক বুঝতে পেরে মোবাইল ফোন বন্ধ রেখে অন্য একটি ঠিকানাতে আশ্রয় নেন তিনি।”

মোবাইল ফোন বন্ধ থাকায় সাক্ষীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, সে কারণেই তিনি ‘নিখোঁজ’ ছিলেন।

তিনি অভিযোগ করেন,এ মামলার অন্য সাক্ষীদেরও বিভিন্নভাবে হুমকি অথবা প্রলোভন দেখানো হয়ে আসছে আগে থেকেই।

রোববারের মধ্যেই থানায় সাধারণ ডায়েরি করা হতে পারে বলে জানান এ প্রসিকিউটর।

সাক্ষী কাজী কবিরউদ্দিন সাংবাদিকদের বলেন,“সৈয়দ মো. কায়সারকে জামিন দেয়ার পরে তিনি জামিনের পূর্ণ সুযোগ নিয়ে সাক্ষীদের হয়রানি করছেন। তাকে বাইরে রেখে এ মামলা চালালে আবারো এ ধরনের ঘটনা ঘটতে পারে।”

গত ২ ফেব্রুয়ারি কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ১৬টি অভিযোগে কায়সারে বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২।তার বিরুদ্ধে রয়েছে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ।

গতবছরের ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই রাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন আসামীদের মধ্যে কায়সার দ্বিতীয় আসামী যাকে জামিনে রেখে বিচার কাজ পরিচালিত হচ্ছে।