২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রসফায়ার’ নিয়ে নৌমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির

আইনশৃঙ্খলাবাহিনীর ‘ক্রসফায়ার’ নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্য প্রত্যাহারের  আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টার‌ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার এক বিবৃতি ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের পক্ষে নৌমন্ত্রীর সাফাইকে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য অসম্মানজনক বলেও মন্তব্য করা হয়েছে।

শনিবার এক অনুষ্ঠানে শাজাহান খান বলেন, “অবশ্যই প্রতিটি মানুষের বাঁচার অধিকার রয়েছে। তবে আমি মনে করি, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে কিছুটা ক্রসফায়ার প্রয়োজন।”

দেশের মানুষ ক্রসফায়ারাকে গ্রহণ করেছে বলেও দাবি করেন মন্ত্রী।

বাংলাদেশে কথিত ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উস্কে দেয়া হচ্ছে বলে বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা অভিযোগ করে আসছে।

টিআইবির বিবৃতিতে বলা হয়, কোনো নাগরিকই বিচারের ঊর্ধ্বে নয়। সন্ত্রাস নির্মূলের নামে তথাকথিত ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে মন্ত্রীর বক্তব্য আইনের শাসনের পরিপন্থী, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।

‘দেশের মানুষ ক্রসফায়ারকে গ্রহণ করেছে’ বলে শাহজাহান খানের দাবিকে ভিত্তিহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অসম্মানজনক বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

ক্রসফায়ার নিয়ে নৌমন্ত্রীর বক্তব্য সরকারের অবস্থান হবে না উল্লেখ করে বিবৃতিতে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদকে এ বিষয়ে শিগগিরই ব্যাখ্যা দেয়ার দাবি জানানো হয়েছে।