রাঙ্গুনিয়ায় যুবকের মাথাবিহীন লাশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের কুড়িল্লা টিলা এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছে।
নিহত যুবক মো. ইউসুফ নবী (৩৫) একই ইউনিয়নের নুর আহমেদের ছেলে।
রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালী উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাঙ্গুনিয়া-রাঙামাটি সীমান্তবর্তী নাড়িশ্যা কুড়িল্লা টিলা এলাকার একটি পাহাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে নিহতের আত্মীয়-স্বজনরা গিয়ে পরিচয় সনাক্ত করে বলে জানান তিনি।
ওসি ওয়ালী উল্লাহ বলেন, নিহত ইউসুফ প্রবাসী। দেড় মাস আগে তিনি ওমান থেকে দেশে এসেছেন।
এ ঘটনায় সন্ধ্যায় নিহতের স্ত্রী বাদি হয়ে একটি মামলা করেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, সুলতানা নামে এক মহিলা তার ভাইকে বিদেশ পাঠানোর জন্য ইউসুফের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেয়। দেশে এসে ইউসুফ টাকা চাইলে তা দিতে গড়িমসি করে।
“গত শুক্রবার রাতে সুলতানা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে বের করার পর থেকে ইউসুফ নিখোঁজ ছিল।”
ঘটনার পর থেকে সুলতানা পলাতক আছে জানিয়ে পুলিশ কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, “সুলতানা তার বাবা, মা, ভাই ও কথিত প্রেমিককে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”
আটক মনোয়ারা পলাতক সুলতানার মা বলে জানান তিনি।
