মির্জাপুরে দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাইক্রোবাস চাপায় আহত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে হাসপাতালে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় কুর্নী গ্রামের মোস্তাক আহমেদেরে ছেলে রিফাত (৭)। সে কুর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি যোবায়দুল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয় রিফাত।
প্রথমে তাকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
