যুবক নিখোঁজ, পুলিশের মীমাংসা প্রস্তাব
রাজশাহীতে এক সপ্তাহ ধরে এক যুবক নিখোঁজ। ‘পাওনা’ টাকার দাবিতে তার স্ত্রী-পুত্রকে অস্ত্রের মুখে এক সপ্তাহ ঘর থেকে বেরুতে দেয়নি সন্ত্রাসীরা। উপরন্তু খোঁজ নিতে গিয়ে তাদের ক্লাবে আটক থাকেন যুবকটির ভাই।
রোববার দুপুরে স্থানীয় ক্লাব বহরমপুর যুব সংঘ থেকে যুবকের ভাই রুমিকে উদ্ধার করে পুলিশ।
এ সময় সরজমিনে দেখা যায়, সন্ত্রাসীদের ধরে থানায় নেয়া হলেও অজ্ঞাত ফোন পেয়ে তাদের ছেড়ে দিয়ে দুপক্ষকে মীমাংসা করে নিতে পরামর্শ দিয়েছে পুলিশ।
নিখোঁজ মজিবর রহমান বাগমারার মাঝগ্রামের ইউসুব আলীর ছেলে।
রাজপাড়া থানার এসআই সিরাজুল মনির বলেন, “খবর পেয়ে বহরমপুর যুব সংঘের কার্যালয় থেকে রুমিকে উদ্ধার করা হয়েছে।
“আর পুলিশ যাওয়ার আগেই নিখোঁজ মজিবরের স্ত্রী ও ছেলে বাড়ির মালিকের সহযোগিতায় চলে গেছে।”
তবে অর্থ লেনদেনের বিষয় থাকায় উভয়পক্ষকে মীমাংসায় ডাকা হয়েছে বলেও জানান তিনি।
নিখোঁজ মজিবরের স্ত্রী পলি জানান, গত ১ মার্চ মাগরিবের নামাজের আগে বহরমপুর মোড়ে যাচ্ছি বলে মজিবর বাড়ি থেকে বের হয়।
রাত সাড়ে ৯টার দিকে ৮/১০ যুবক ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে ‘তোর স্বামীর কাছে ৬০ হাজার টাকা পাব সে টাকা দে’ বলে শাসায়।
টাকা দিতে অপারগতা জানালে হুমকি দিয়ে বাড়ি থেকে বের হতে নিষেধ করে। পরদিনও তারা একইভাবে হুমকি দেয়।
এরপর এক সপ্তাহ ধরে পাহারা বসিয়ে বাড়ি থেকে বের হতে দেয়নি ওদের।
তবে রোববার দুপুরে বাড়ির মালিকের সহযোগিতায় ছেলেকে নিয়ে পালিয়ে যান বলে জানান পলি।
উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর রুমি জানান, শনিবার সকালে তার ভাতিজা জয়ের কাছে জানতে পারেন গত রোববার থেকে তার বাবাকে পাওয়া যাচ্ছে না। স্থানীয় কিছু লোক হুমকি দিচ্ছে এবং বাড়ি থেকে বের হতেও দিচ্ছে না।
ভাইয়ের বাসায় গিয়ে পলি ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে আশপাশের এলাকায় ভাই মজিবরের খোঁজ নিতে যান।
এ সময় স্থানীয় যুবক জনি ও সিজার সহ বেশ কয়েকজন তাকে বহরমপুর যুব সংঘের কার্যালয়ে দুই আটকে রাখে।
আটককারী যুবকদের একজন জনি থানায় দাবি করেন, তার কাছ থেকে সুদে ২৫ হাজার টাকাসহ তার বন্ধুদের কাছ থেকেও বিভিন্ন সময় ৩৫ হাজার টাকা ধার নেয় নিখোঁজ মজিবর।
তার পাল্টা দাবি- টাকা না দেয়ার জন্য মজিবর বাড়ি থেকে পালিয়েছে।
জিম্মি করার কথা অস্বীকার করলেও মজিবরের স্ত্রী ও বড় ভাইয়ের কাছে পাওনা টাকা চেয়েছেন বলে জানান।
