২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে সংঘর্ষ: আটক অভিযান চলছে

শ্রীপুরে সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশের পরপরই আটক অভিযান শুরু করেছে পুলিশ। সকালে আটজন এবং দুপুরে দুজনকে আটক করা হয়, যাদের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় সদস্য কফিলউদ্দিনও রয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল ও ইকবাল হোসেন সবুজের সমর্থকদের মধ্যে শনিবার ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রকাশ্যে গুলি বর্ষণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অস্ত্র নিয়ে সংঘর্ষের ছবি রোববার বিভিন্ন পত্রিকায় ছাপা হলে পুলিশের উধ্বতন কর্তৃপক্ষ তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয় বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান।

আটককৃত অন্যদের মধ্যে জুয়েল, ইউসুফ আলী, লিটন, শিপু, মো. সেলিম, ইমরান, শাহজাহান ওরফে কামরুল এবং মাসুম খান। সকালে আটক করা হয় আট জনকে এবং দুপুরে আটক করা হয় বাকি দুজনকে।

তবে শ্রীপুর থানার ওসি মো.  আমীর হোসেন জানান, শনিবারের ঘটনায় রোববার দুপুর  পর্যন্ত কোন মামলা  হয়নি।

গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুরের উত্তেজানা ছড়িয়ে যাওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  আব্দুল জলিল বলেন, “আমাদের কর্মী মুমূর্ষ অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছে।

“তাকে নিয়ে ব্যস্ত  থাকায়  এখনো কোন মামলা দায়ের করা হয়নি।”

এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত শ্রীপুর পৌর ছাত্রলীগের সদস্য আল আমিনকে (২৫) অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে অপর চেয়ারম্যান প্রার্থী  ইকবাল হোসেন সবুজের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি  ফোন ধরেননি।