মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রাস্তা অবরোধ
রাজধানীর মিরপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সদ্য বন্ধ করে দেয়া একটি গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক।
শনিবার সকাল সাড়ে ৯টার পাইওনিয়ার নামে ও গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ।
ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও ভাঙচুরে মিরপুর ১২ নম্বর থেকে ১০ নম্বর সেক্টর পর্যন্ত মূল সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিকপক্ষ জানিয়েছে গার্মেন্টের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছুদিন আগে তা বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ তাদের গার্মেন্ট স্থানান্তর করতে চেয়েছিল।
তবে শ্রমিকরা স্থানান্তরের আগেই তাদেরকে তিন মাসের অগ্রিম বেতন দেয়ার দাবি করে আসছে।
ওসি বলেন, “শনিবার সকালে তারা রাস্তায় নেমে ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।”
“এশিয়া কাপের ফাইনালের আগে ওই এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ বা ভাঙচুরের ঘটনা প্রতিহত করতেই পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েছে,” বলেন তিনি।
শ্রমিকদের ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন জিয়াউজ্জামান।
বেলা ১১টার দিকে পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
