২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেনার চাপে’ আত্মহত্যার চেষ্টা রিকশাচালকের

দেনার চাপ সইতে না পেরে রাজধানীর গুলশানে এক রিকশাচালক ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 10:09 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রেজাউল করিমকে (৪০) নামের ওই রিকশাচালককে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের এএসআই মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেজাউলের গলায় ব্লেড দিয়ে জখমের চিহ্ন রয়েছে।”

রেজাউলের ছেলে বিপ্লব (১৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  তিনি ও তার বাবা  গুলশানের নর্দায় আমির মিয়ার রিকশার গ্যারেজেই থাকেন। দুপুরে সেখানেই গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রেজাউল।

বিপ্লব জানান, তার বাবা বিশ থেকে পঁচিশ বছর ধরে রিকশা চালান। রোকসানা নামে তার একটি বোনও আছে। মাস কয়েক আগে তাদের মা বিলকিস বেগমের অস্ত্রোপচার করতে হয়। তখনই অর্থাভাবে পড়েন রেজাউল।

“অপারেশনের খরচ যোগাতে বিভিন্নজনের কাছ থেকে এবং দুটি এনজিও থেকে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা ধার করতে হয়। এই টাকার জন্য প্রতি সপ্তাহে কিস্তিতে ৮০০ থেকে ৯০০ টাকা দিতে হয়।”

বিপ্লব জানান, গাইবান্ধার সাদুল্যাপুরে তিনি একটি স্কুলের নবম শ্রেণীতে পড়তেন। বাবার ধার-দেনা শোধ করার জন্য গত জানুয়ারিতে  তিনি নিজেও ঢাকায় এসে রিকশা চালাতে শুরু করেন।

দীর্ঘশ্বাস ছেড়ে বিপ্লব বলেন, “বাবা অসুস্থ। তাই  ঠিকমতো রিকশা চালাতে পারে না। আমি সারাদিন আড়াই থেকে তিনশ’ টাকা আয় করি। দাদি আর মাকে টাকা দিতে হয়। এই আয় দিয়ে হচ্ছে না”।

নানামুখি চাপ সইতে না পেরেই রেজাউল আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তার ছেলের ধারণা।

রেজাউল ঢাকা মেডিকেলে ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।