অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকের দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “ষড়যন্ত্র করে কেউ পারে নাই। বাংলাদেশের ভাগ্য নিয়ে কেউ খেলতে পারবে না।
“আমি দেশবাসী ও দলের নেতা-কর্মীদের বলবো, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।” মুক্তিযুদ্ধের চেতনায় ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত’ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও আওয়ামী লীগের এই জনসভায় তুলে ধরেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহুবার দেশের মানুষকে আন্দোলনে ডাকলেও কেউ তার সেই ডাকে সাড়া দেয়নি মন্তব্য করে শেখ হাসিনা জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, “উনি (খালেদা জিয়া) লাশ আর রক্ত চেয়েছিলেন। লাশ আর রক্ত পেলেই নাকি উনি দেশ উদ্ধার করবেন। আর কতো রক্ত পেলে তার পিপাসা মিটবে?”
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “আজ যতো জায়গায় ধর্ণা দিক না কেন, যে যতো আশার বাণী শোনাক না কেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না।”
জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ কারো কাছে ধর্ণা দেয় না। জনগণের ক্ষমতায় আওয়ামী লীগ বিশ্বাস করে।”
‘জনগণের ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার এখন সুরক্ষিত’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “অনেক ষড়যন্ত্র করেছে, পারে নাই।”
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান।
বিকাল সাড়ে ৪টার পর শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান।
১৯৭১ সালের ৭ মার্চ এই ময়দান থেকেই বাঙালিকে স্বাধীনতার সংগ্রামে ডেকেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের অধীনে ২৩ বছরের বঞ্চনার ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” বিকাল সোয়া ৫টায় শুরু হওয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সেই প্রেক্ষাপট এবং পরে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক বাঁক বদলের ঘটনাগুলো তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাসও মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালিয়ে তাকেও হত্যা করার চেষ্টা হয়েছিল। বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই হামলার জন্য তখনকার সরকারে থাকা বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, “ওই হামলার সঙ্গে তারা জড়িত- এতে কোনো সন্দেহ নাই।”
শেখ হাসিনা তার ২৭ মিনিটের বক্তব্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তিনি বলেন, “বিএনপি নেত্রী বহুবার ডাক দিয়েছে, কেউ উনার ডাকে সাড়া দেয় নাই। উনার আন্দোলন মানেই মানুষ পুড়িয়ে মারা, ধ্বংসযজ্ঞ চালানো।” গত নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াতের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “দেড়শর ওপরে মানুষকে পুড়িয়ে মেরেছে। হাজার হাজার গাছ কেটেছে। রাস্তঘাট কেটে ফেলেছে। এটাই তাদের আন্দোলনের রীতি।” সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন। বিকাল ৩টার পর ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এ সমাবেশ।
জনসভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন ও আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা এবং ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন।
