বহিঃশক্তি নয়, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: চীনা রাষ্ট্রদূত
বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর বিদেশি বিভিন্ন শক্তির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলা হলেও চীন মনে করে, পরবর্তী নির্বাচনের বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার রাজধানীতে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সঙ্গে বৈঠকে চীনের অবস্থান তুলে ধরেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জুন।
বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে অর্ধেকের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানানোর কারণ জানতে চাইলে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, “বিরোধী দল যে নির্বাচন বর্জন করেছে তা আমাদের জানা আছে। কিন্তু আবার একটা নির্বাচন হবে কিনা তা মূলত বাংলাদেশের জনগণই ঠিক করবে।
“আমরা শুধুই শুভাকাঙ্ক্ষী। পরিস্থিতি সম্পর্কে বহিরাগতদের চেয়ে আপনারাই বেশি জানেন। তারা যতো বড় ও যতো দূরের হোক না কেন- তা কোনো বিষয়ই না।”
লি বলেন, চীন মনে করে বড় দুই দলের মধ্যে একটি ‘শান্তিপূর্ণ সংলাপের’ মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব হবে।
“আপনারাই (জনগণ) প্রকৃত ভূমিকা পালন করবেন। আমরা অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক না গলানোর’ নীতি অনুসরণ করি।”
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর পরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ নির্বাচনকালীন সরকারের বিষয়ে ঐকমত্য তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে নতুন করে নির্বাচন করার আহ্বান জানায়।
রাষ্ট্রদূত জানান, চীন মনে করে বাংলাদেশের সংবিধান অনুযায়ীই নির্বাচন হয়েছে। কিছু ‘আইনের শাসন’ রয়েছে যেগুলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিষয়।
ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের এই বৈঠক হয়। অন্যান্যের মধ্যে ডিকাবের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি বৈঠকে উপস্থিত ছিলেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির প্রসংশা করেন লি জুন। তিনি বলেন, কুনমিংয়ের সাম্প্রতিক বিয়োগান্তক ঘটনা আবারো দেখালো যে, ‘সন্ত্রাসবাদ মানবতার প্রতি সাধারণ চ্যালেঞ্জ।’
“এই (সন্ত্রাসবাদ প্রতিরোধ) বিষয়ে (বাংলাদেশের সঙ্গে) আমাদের সহযোগিতা বাড়াতে চাই,”
সন্ত্রাসবাদ প্রতিরোধ নিয়ে প্রশিক্ষণের কথাও বলেন তিনি।
