‘গুম’ নয়, তারা পলাতক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
যাদের ‘গুম’ করা হয়েছে বলে বিএনপির অভিযোগ, নাশকতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের খুঁজছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে কেক কাটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে কেক কাটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গুম নিয়ে বিএনপির অব্যাহত অভিযোগের মধ্যে বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “বন্দুকযুদ্ধ আর গুম নিয়ে সাংবাদিকরা আমাকে বারবার প্রশ্ন করেন।”
পুলিশ সপ্তাহের উদ্বোধন শেষে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী, সেখানেই গুমের প্রসঙ্গ টানেন তিনি।
দশম সংসদ নির্বাচনের আগে থেকে ১৯ দলের নেতা-কর্মীদের গুম করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বুধবারও বলেছেন, গত ৩ মাসে ৫৬ জনকে ‘গুম’ করা হয়েছে।
প্রতিমন্ত্রী কামাল নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচি থেকে সহিংসতার দিকে ইঙ্গিত করে বলেন, “যে সব মানুষদের নিয়ে গুমের কথা উঠছে, সেসব মানুষদের পুলিশ খুঁজছে।
“কারণ তারা পুলিশের তালিকায় সন্ত্রাসী, তারা পলাতক। নির্বাচনের আগে সারা দেশে যে ধরনের নাশকতা হয়েছে, তার ভিডিওচিত্রের মাধ্যমে আমরা তাদের সনাক্ত করতে পেরেছি।”
নাশকতা মোকাবেলায় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে দাবি করে এই বাহিনীর প্রশংসাও করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
“এই ধরনের ধৈর্যই মানুষ পুলিশের কাছে চায়। পুলিশের কাজ ‘ল-ফুল’ হতে হয়।”
১০ মিনিটের বক্তব্যের প্রায় পুরো সময় পুলিশের প্রশংসা করা আসাদুজ্জামান বলেন, পুলিশকে আরো ঢেলে সাজানো হবে।
“বর্তমানে ১০৩৫ জনের জন্যে একজন পুলিশ সদস্য রয়েছে। তাই সরকার পুলিশ ও মানুষের অনুপাত ১:৮০০ করার চিন্তা ভাবনা করছে।”
পুলিশের জানানো বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
বৈঠকে ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান প্রত্যেক জেলায় পুলিশের জন্য আর্মার পুলিশ ক্যারিয়ার দেয়ার দাবি জানান।
হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, পুলিশের জন্য হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, উন্নত মানের প্রিজনভ্যান, ঝুঁকিভাতা ও সরবরাহ করা চালের মান উন্নত করার দাবিও জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মোসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বৈঠকের আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। তিনি পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে গত বছর সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক অবদানের জন্য মোট ১০৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দেয়া হয়।
