২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি মামলা

বিগত চার দলীয় জোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 01:46 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ পরিচালক যতন কুমার রায় শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, আলমগীর কবির প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ‘নামমাত্র মূল্যে’ সরকারি জমি দেয়ায় সরকারের ১৫ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি হয়।

এতে বলা হয়, আলমগীর কবির গৃহায়ন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে মিরপুর-৮ এলাকায় ওই ৭ একর জমি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেন।

তার ‘হস্তক্ষেপে’ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ‘বাজারমূল্যের চেয়ে কম দামে’ প্লট বরাদ্দ দেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।