‘এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৮% কমল
নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার বছরে ‘বাস্তবতা’ বিবেচনা করে অর্থবছরের আট মাসের মাথায় জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৮ দশমিক ০৮ শতাংশ কমিয়ে এনেছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি অর্থবছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।
“কিন্তু সরকার বাস্তব পরিস্থিতি অনুধাবন করে ১ লাখ ২৫ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে।”
তিনি জানান, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সময়ে এনবিআর ৫৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা সাত মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার কোটি টাকা কম।
গত অর্থবছরের একই সময়ে মোট ৫৪ হাজার ৯১ কোটি ৮৯ লাখ টাকা আদায় হয়েছিল।
গত ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। আর আদায় হয় ১ লাখ ৮ হাজার ৬১৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের দুই লাখ ২২ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা।
এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেয়ার দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের ওপর।
জাতীয় নির্বাচন ঘিরে গত বছরের শেষের কয়েকটি মাস ছিল অস্থির। ৫ জানুয়ারির নির্বাচনের আগের দুই মাস ছুটির দিনগুলো ছাড়া প্রায় প্রতি দিনই কাটে বিরোধী দলের হরতাল-অবরোধে। নির্বাচন ঘিরে অনিশ্চয়তার কারণে এর আগে থেকেই ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।
গোলাম হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা মাথায় রেখেই চলতি অর্থবছরে রাজস্ব আদায় পরিকল্পনা দিয়েছিলেন তারা।
৫ জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে এনবিআরের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সঙ্গে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তার ভিত্তিতেই লক্ষ্যমাত্রা কমানো হয়।
নতুন এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারমান।
সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে রাজস্ব সংগ্রহ ও বাজেটবিষয়ক এই সংবাদ সম্মেলনে গোলাম হোসেন বলেন, আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট হবে ‘গবিরবান্ধব’।
নতুন বাজেট থেকে করপোরেট কর এখনকার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে ধাপে ধাপে কমিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, এতে কর আদায় বাড়বে।
খালেদার অ্যাকাউন্ট প্রসঙ্গ
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের দুই প্রধান দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের প্রসঙ্গে টেনে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাব খুলে দেয়া হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হিসাব কেন খুলে দেয়া হয়নি।
জবাবে গোলাম হোসেন বলেন, “আমি দায়িত্ব নেয়ার পর গত ১৬ মাসে খালেদা জিয়ার পক্ষে থেকে কোরো দরখাস্ত পাইনি। কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা হলে তা ডিফ্রিজ করার জন্য দরখাস্ত করতে হয়।
বর্তমান প্রধানমন্ত্রী দরখাস্ত করায় যৌক্তিক কারণে তা খুলে দেয়া হয়েছে।”
এছাড়া আবেদন পাওয়ায় এবং কোনো সমস্যা না থাকায় আরো ‘অনেক মন্ত্রী-সাংসদের’ ব্যাংক হিসাব খুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানসহ কয়েকজনের ‘অবৈধ সম্পদের’ খোঁজে দুর্নীতি দমন কমিশনের তদন্তের প্রসঙ্গ টেনে এনবিআর চেয়ারম্যনের কাছে জানতে চাওয়া হয়- রাজস্ব বোর্ড এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কি না।
এর উত্তরে তিনি বলেন, “আয়কর আইনে এ বিষয়গুলো খতিয়ে দেখার সুযোগ আছে, আমরা সেটা দেখছি।”
তবে এ বিষয়ে আর কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান।
সম্পদের হিসাব দিতে হবে রুহুল-মাহবুবকে
