২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের শাসন: ‘পেছনে হাঁটছে’ বাংলাদেশ

দেওয়ানি বিচার ব্যবস্থায় কিছুটা অগ্রগতি হলেও আইনের শাসনের অন্যান্য সূচকে বাংলাদেশ পিছিয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 01:18 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের চতুর্থ প্রতিবেদনে এ কথা বলা হয়। নিউ ইয়র্কে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক গ্র্যাজুয়েট সেন্টারে বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।

এতে বলা হয়, দেওয়ানি বিচার ব্যবস্থার সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯টি দেশের মধ্যে ৯২, যা দুই বছর আগে ছিল সবচেয়ে তলানিতে। দেওয়ানি আদালতের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে নরওয়ে। এছাড়া যুক্তরাষ্ট্র ১৯ এবং যুক্তরাজ্য ১১, নেদারল্যান্ড ২, জার্মানী ৩ এবং সিঙ্গাপুর রয়েছে ৪ নম্বরে।

এবারই প্রথম আফগানিস্তান এবং মিয়ানমারকে এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তাদেরকে কোন সূচকে রাখা হয়নি।

সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে বাংলাদেশ ৮৩ থেকে এগিয়ে ৮০ নম্বরে রয়েছে। এই সূচকের মাধ্যমে চিহ্নিত করা হয় সরকার আইনের কাছে কতোটা বাধা এবং গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলো কতোটা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে।

দুর্নীতিতে ৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫। গত জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭টি দেশের মধ্যে ৮৯।

এছাড়া আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় ৭৬তম, মৌলিক অধিকারসমূহে ৮৭তম, সরকারের স্বচ্ছতায় ৮৫তম, আইনের প্রয়োগে ৯১তম, ফৌজদারি বিচার ব্যবস্থায় ৯৪তম ক্রমিকে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে পর্যবেক্ষণে বলা হয়, আইনের শাসনের নিশ্চিত করার বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়েছে। দুর্নীতি বিস্তৃত হয়েছে, বিশেষ করে পুলিশ ও সেনাবাহিনীতে। সরকারের জবাবদিহিতার নিশ্চয়তাও দূর্বল, প্রশাসনিক সংস্থা ও বিচার ব্যবস্থা দুর্নীতিতে আক্রান্ত। পাশাপাশি রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ।

মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশের নির্যাতনকে বাংলাদেশে একটি প্রধান সমস্যা হিসাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নাগরিকের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আগের বছরের চেয়ে ভালো করেছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে আইনের শাসনের ক্ষেত্রে সবচেয়ে তলানিতে অবস্থান করছে পাকিস্তান।

আইন শৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতির কারণ হিসাবে অপরাধের হার কমার কথা বলা হয়েছে। তবে ব্যক্তিগত দ্বন্দ্বে সহিংসতার ঘটনাকে উদ্বেগজনক হিসাবে দেখছে সংস্থাটি।

সম্পদের অধিকারের নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান অন্যান্য নিম্ন-মধ্য আয়ের দেশেগুলোর চেয়ে শক্তিশালী বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বের শতাধিক দেশের সুশাসনের ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা রয়েছে এমন দুই হাজার ৪শ বিশেষজ্ঞ এবং আরো ৯৭ হাজার সচেতন নাগরিকের উপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয় এই প্রতিবেদন।

জরিপ পরিচালনায় সহায়তাকারী বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার এবং বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় উন্নতি সাধন করতে চাইলে, বিষয়টি কোন পর্যায়ে রয়েছে তা পরিমাপ করতে হবে। ওয়ার্ল্ড জাস্টিস এ কাজটি করছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী সুধীজনে কথাবার্তা হবে এবং তার ফলে সংশ্লিষ্টরা সজাগ হবেন বলে আশা করছি। আর এভাবেই বিশ্বের প্রতিটি প্রান্তের জনজীবনে উন্নয়ন ঘটবে বলে আশা করছি।”