বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার ভোরে জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি সীমান্ত এলাকা দিয়ে গরু পারপারের সময় বিএএফ সদস্যরা আমিনুর রহমানকে (৪০) ধরে ভারতে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
আমিনুর ওই এলাকার উজির আলীর ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম খাঁন বলেন, “বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। তবে তারা (বিএসএফ) পতাকা বৈঠকে বসতে রাজি না হয়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে।
“আমরা তাকে ফেরত আনার চেষ্টা করছি।”
বিজিবির পাটগ্রাম কোম্পানি কমান্ডার জোনাব আলী জানান, সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের সীমান্ত পয়েন্ট থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাতগাছিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা আমিনুরকে ধরে নিয়ে গেছে।
