হলফনামায় ‘ভুল’ হয়েছে, বললেন আসলামুল
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের মতো ঢাকার সাংসদ আসলামুল হকও দাবি করেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার দেয়া হলফনামায় সম্পদের ভুল তথ্য এসেছে।
সম্পদের ‘অস্বাভাবিক’ বৃদ্ধির বিষয়ে বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখী হন ঢাকা-১৪ আসনে ক্ষমতাসীন দলের এই সাংসদ। দুদকের উপ-পরিচালক শেখ মেজবাহুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন।
২০০৮ সালের হলফনামা অনুযায়ী আসলামুল ও তার স্ত্রী মাকসুদা হক চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমির মালিক, যার মূল্য প্রায় ২০ লাখ ৬৯ হাজার টাকা। আর দশম সংসদ নির্বাচনের আগে দেয়া হলফনামায় বলা হয়, তারা ১৪১ একর জমির মালিক, যার দাম প্রায় এক কোটি ৯৩ লাখ টাকা।
এর ভিত্তিতে গত নির্বাচনের সময় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে এই সাংসদের সম্পদের পরিমাণ বেড়েছে ৩৪ গুণের বেশি।
দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসলামুল হক সাংবাদিকদের কাছে দাবি করেন, তার আয়কর উপদেষ্টা হলফনামায় ভুল করেছেন।
“জমির পরিমাণে ভুল আছে। জমির প্রকৃত পরিমাণ এক দশমিক চার এক একর। কিন্তু আমার আয়কর উপদেষ্টার ভুলের কারণে হলফ নামায় জমির পরিমাণ এসেছে একশ ৪১ একর। এই ভুলের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছি।”
হলফ নামায় ভুল ছিল কিনা জানতে চাইলে দুদকের তদন্ত বিষয়ক কমিশনার এম শাহাবুদ্দিন বলেন, “এটা ভুল ছিল না সঠিক- তা পরীক্ষা করা দুদকের দায়িত্ব। দুদক তার দায়িত্ব পালন করবে।”
হলফনামায় ঘোষিত সম্পদের বাইরে আসলামুল হকের আরো সম্পদ রয়েছে কি না- তাও অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
