যমুনার ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. শামসুল আলমের (৫০) মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার বিমানবন্দর সড়কের গুপ্তাখাল সংলগ্ন যমুনা অয়েলের ডিপোতে ট্যাংকার পরিষ্কার করার সময় বিস্ফোরণে নয় জন দগ্ধ হন। প্রাথমিকভাবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরদিন শামসুলসহ তাদের সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতদের তিনজনকে এখনো আইসিইউতে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।
এদের কেউই এখনো আশঙ্কামুক্ত নন বলে জানান তিনি।
পূর্ব সতর্কতা ছাড়াই যমুনা অয়েলের ট্যাংকার পরিষ্কার করতে যাওয়ায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে একটি তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে এরইমধ্যে বরখাস্ত করা হয়েছে।
‘সতর্কতার অভাবে ট্যাংকার বিস্ফোরণ’
চট্টগ্রামে যমুনা অয়েল ডিপোতে আগুন, আহত ৯
