শিল্পী জব্বারের ‘কপিরাইট’ মামলায় অভিযোগ গঠন
অনুমতি না নিয়ে গান বাজারজাত করার অভিযোগে কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের দায়ের করা মামলায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহরুল হক বুধবার গান বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টের ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২৭ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
গত বছরের ২৮ নভেম্বর কণ্ঠশিল্পী জব্বার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম খান, হাসান মতিউর রহমান, সুলতান মাহমুদ বাবুল, ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহেদ আলীসহ ২০ জনের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেন। মামলায় বলা হয়, সম্মানী ছাড়াই ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু’সহ জনপ্রিয় ১৯টি গান কোনো চুক্তি না করে প্রতিষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে বাজারজাত করেছে।
এদিকে বুধবার উভয়পক্ষের মধ্যে আপসের বিষয় অবহিত করা হলেও তা নাকচ করে দেয় আদালত।
বিচারক বলেন, “এই মামলা আপসযোগ্য নয়। সাক্ষ্য দিয়ে আসামিদের খালাস করিয়ে নিতে হবে।”
জব্বারের আইনজীবী আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত চার্জ গঠন করলেও ইতোমধ্যে আসামিপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে- অন্যদের কাছ থেকেও তারা অর্থ আদায়ে সহায়তা করবেন।
এর আগে নগরবাউলের জেমস ও মাইলসের শাফিন আহমেদ মোবাইল ফোন কোম্পানি রবির বিরুদ্ধে একই আইনে একই আদালতে মামলা করে ক্ষতিপূরণ পেয়েছেন।
এছাড়া এইচএসবিসির বিরুদ্ধে আপেল মাহমুদ ও আবৃত্তি শিল্পী মেহেদী হাসান গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
