সাভারে পৌর মেয়রের ফের দায়িত্ব গ্রহণ
সাভারের আলোচিত রানা প্লাজা ধ্বসের ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাতউল্লাহ আদালতের নির্দেশে আবার দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রায় ১০ মাস পর মঙ্গলবার আদালতের নির্দেশে ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আয়নাল হক গেদুর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশে মন্ত্রণালয় থেকে দায়িত্বভার গ্রহণের নির্দেশনা পাবার পরই তিনি দায়িত্ব বুঝে নেন।
সাভারে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধ্বসের ঘটনায় গত বছরের ২ মে রেফাতউল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
যথাযথ প্রক্রিয়া ছাড়া রানা প্লাজা নির্মাণের অনুমোদন দেয়া ও ধ্বসের আগের দিন ভবনে ফাটল ধরার পরও পৌর কর্তৃপক্ষ সেটি সিলগালা না করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অবৈধভাবে নকশার অনুমোদন দেয়ায় রাজউক ও পুলিশের করা পৃথক দুটি মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারও হন তিনি।
পরে জামিনে মুক্ত হয়ে পৌর মেয়রের পদ ফিরে পেতে আদালতে রিট করলে দায়িত্বভার গ্রহণের নির্দেশনা পান তিনি।
ইতিহাসের ভয়াবহ এ ভবন ধ্বসের ঘটনায় ১১শ’র বেশি প্রাণ হারায়। আহত হয় অনেকেই।
