আইনমন্ত্রীকে হাই কোর্টের নোটিস
অবৈধভাবে নির্বাচিত হওয়ার অভিযোগ আমলে নিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে কারণ দর্শাতে বলেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ আইনমন্ত্রীসহ অন্য বিবাদিদের দু’সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে নির্দেশ দেয়।
ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আবেদনটি শুনানি জন্য গ্রহণ করে বিবাদীদের প্রতি নোটিস জারি করেছে। তিন সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনে সংশ্লিষ্ট এলাকায় গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বাতিল চাওয়া হয় এবং আনিসুল হক ওই সংসদীয় আসনে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা চাওয়া হয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন মো. শহিদুল্লাহ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন।
আবেদনে আইনমন্ত্রী ছাড়াও আইন সচিব, নির্বাচন কমিশনারের পক্ষে কমিশন সচিব, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আব্দুল হাফিজ, জাবেদ আলী, শাহনেওয়াজ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা খন্দকার হেফজুর রহমান এই আবেদনটি করেন। গত নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়পত্র কিনলেও খরচের বিবরণী না দেয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
মনোনয়নপত্র দাখিলের দিনও বিবাদি আনিসুল হক দুদকের আইন উপদেষ্টা ছিলেন উল্লেখ করে রিটে বলা হয়, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে এটা তিনি পারেন না। এ ধরণের পদে থাকা বা সরকারি সুযোগ-সুবিধা নিলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হয়ে যান।
আবেদনে বলা হয়, গত ৬ ডিসেম্বর কাগজপত্র যাচাই-বাছাই না করেই রিটার্নিং কর্মকর্তা রিটকারীর অনুপুস্থিতিতে তার মনোনয়ন বাতিল করে দেয়। এতে অসন্তুষ্ট হয়ে আবেদনকারী ৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিল করেন।
১১ ডিসেম্বর বিচারিক মন প্রয়োগ না করেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য চার কমিশনার তার আপিল খারিজ করেন।
গত নির্বাচনের খরচের বিবরণী আবেদনকারী ইতিমধ্যে জমা দিয়েছেন উল্লেখ করে কর্তৃপক্ষ তা হারিয়ে ফেলেছে বলে আবেদনে দাবি করা হয়।
