২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটো রিকশা চালক ও মালিকদের সমাবেশ

ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আল্টিমেটাম দিয়েছে অটো রিকশা-টেম্পো চালক ও মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

দাবি মানা না হলে চট্টগ্রাম নগর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

সোমবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের এক সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন নগরীর অটো রিকশা চালক-মালিকদের ছয়টি পৃথক সংগঠনের নেতারা।

সমাবেশ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের জন্য  আগামী ১০ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়।

এর মধ্যে উচ্ছেদ না হলে ১২ মার্চ নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচির কথা ঘোষণা করেন সমাবেশের বক্তারা।

নগরীতে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অটো রিকশা পার্কিংয়ের স্থায়ী স্থান নির্মাণসহ তিন দফা দাবিতে এ সমাবেশের অয়োজন করে সংগঠনগুলো।

চট্টগ্রাম মহানগরী অটো রিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীতে চলাচলকারী ‘অবৈধ’ ব্যাটারি চালিত অটো রিকশার কারণে দুর্ঘটনার পাশাপাশি যানজটও বেড়ে গেছে।

“এছাড়া এসব অটো রিকশার কারণে সিএনজি চালিত অটো রিকশা চালকদের আয়ও কমেছে।”

সমাবেশ থেকে বলা হয়, ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের পাশাপাশি এসব রিকশা তৈরির কারখানা, বিক্রি, গ্যারেজ ও চার্জ দেয়ার স্থানও উচ্ছেদ করতে হবে।

চট্টগ্রাম মহানগরী অটো রিকশা ও বেবি ট্যাক্সি মালিক সমিতির সভাপতি হায়দার আজম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী অটো রিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. ওয়াজিউল্লাহ, এসকে শিকদার, আব্দুল মান্নান প্রমুখ।

চট্টগ্রাম মহানগরী অটো রিকশা ও বেবি ট্যাক্সি মালিক সমিতি, চট্টগ্রাম মহানগরী অটো রিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম মহানগর সিএনজি বেবি ট্যাক্সি মালিক সমিতি, সিএনজি অটো রিকশা মালিক কল্যাণ পরিষদ এ সমাবেশে যোগ দেয়।

এছাড়া রিকশা মালিক সমিতি, রিকশা চালক-মালিক সম্বন্বয় সংগ্রাম পরিষদ, রিকশা মালিক পরিষদ নামে  রিকশাচালক মালিকদের তিনটি সংগঠনও এতে অংশ নেয়।