২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্পিরিট পানে দুইজনের মৃত্যু

রংপুরের  বদরগঞ্জ উপজেলায় স্পিরিট পান করে দুই জনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 11:15 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

এরা হলেন বদরগঞ্জ পৌরসভার হরিপদ গোয়ালার ছেলে চালকল ব্যবসায়ী শংকর গোয়ালা (৫৫) এবং  এসারপাড়ার মৃত বাচ্চা মিয়া পাইকারের ছেলে সাজ্জাদ করিম (৫৮)।

শনিবার রাতে নিজ বাড়িতে সাজ্জাদ এবং হাসপাতালে নেয়ার পথে শংকর মারা যান বলে জানিয়েছেন বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী।

তিনি বলেন, “শনিবার রাতে দুজন মারা গেলেও রোববার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।”

শংকর গোয়ালার স্ত্রী ববী রানী গোয়ালা জানান, শংকর শনিবার সন্ধ্যার পর বাসায় আসার পর বমি করতে শুরু করেন।

“তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।”

অন্যদিকে মৃত সাজ্জাদ করিমের ছেলে নিক্সন জানান, তার বাবা নিয়মিতই মদ্যপান করতেন। শনিবার রাত ২টার দিকে বাসায় ফিরে বমি করতে থাকেন।

“স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার আগেই রাত আড়াইটায় মারা যান তিনি।”

ওসি জাহিদুর বলেন, সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই সাজ্জাদকে দাফন এবং শংকরকে দাহ করা হয়।