২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় দুই কূটনীতিক সংবর্ধিত

চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের নবনিযুক্ত ও বিদায়ী সহকারী হাই কমিশনারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 08:22 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার দুপুরে বিদায়ী সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ ও নবনিযুক্ত সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারের জন্য চিটাগাং ক্লাব মিলনায়তনে সংবর্ধনা সভা হয়।

সভায় দুই সহকারী হাই কমিশনারের হাতে ফুল, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও সুপ্রতিবেশী। বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা চিরদিন মনে রাখবে।

বাংলাদেশ থেকে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকদের ভিসা ব্যবস্থা সহজ করতে নবনিযুক্ত সহকারী হাই কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

সোমনাথ হালদার বলেন, ঐতিহ্যগত দিক থেকে চট্টগ্রাম রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসাবান্ধব এলাকা। চট্টগ্রামের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতীয় নাগরিকদের উৎসাহিত করব।

বিদায়ী সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ গত তিন বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মেয়রসহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষের ভালবাসা ও সহযোগিতা পেয়েছি।

তিনি বলেন, চট্টগ্রাম ভৌগলিকভাবে ঐতিহাসিক একটি এলাকা। ভারতের কাছে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশি। আমি চেষ্টা করেছি চট্টগ্রামের মানুষ সহজ পদ্ধতিতে ও স্বল্প সময়ে যেন ভিসা পায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, চট্টগ্রামস্থ রাশিয়ান ফেডারেশনের কনস্যুলার জেনারেল ওলেগ পি বযকো, সাবেক গণপরিষদ সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালির অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু ও জামালখান বেথেলহেম চার্চের ড. আলফ্রেড এ অধিকারী।