সাংসদ হত্যাচেষ্টায় মামলায় ৬ জন কারাগারে
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগের সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে ‘লাঞ্ছিত’ ও ‘হত্যাচেষ্টা’ মামলায় ছয় আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ এ আদেশ দেন।
আসামিরা হলেন- লোহাগাড়া উপজেলার নব নির্বাচিত জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তাক খন্দকার এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. শফী, মো. মাহফুজ, কাজী জসিম ও নাছির উদ্দিন মাস্টার।
বাদির আইনজীবী জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ছয়জনসহ মোট আট আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
“রোববার আত্মসমর্পন করলে বিচারক ছয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।”
আদালতে রোববার আরও দুই আসামি আত্মসমর্পন করেন। তারা হলেন সাতকানিয়া উপজেলার জামায়াত সমির্থত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক হেলাল উদ্দিন মো. নোমান।
আইনজীবী জহির উদ্দিন জানান, জসিম চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং শিক্ষক হেলাল উদ্দিন অসুস্থ হওয়ায় তাদের ২৭ মার্চ পর্যন্ত জামিন দেয়া হয়।
গত ৩১ জানুয়ারি রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে হামলার শিকার হন সাংসদ নেজাম উদ্দিন নদভী।
সেখানে শাহ মঞ্জিলের ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি যোগ দিতে গিয়েছিলেন স্থানীয় এ সাংসদ।
অনুষ্ঠানে মঞ্চে বসা সাংসদকে লক্ষ্য করে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করে স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এসময় মাহফিলে উপস্থিত কয়েকজন স্থানীয় ধর্মীয় নেতাও ‘লাঞ্চিত’ হন। পরে আয়োজকদের সহযোগিতায় পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন সাংসদ।
পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে জামায়াত-শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ওপরও হামলা চালায়। পরে রাত ১২টার দিকে সাংসদকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গত পহেলা ফেব্রুয়ারি প্রায় একশ’ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিন হাজার জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করা হয়।
