‘রোকেয়ায়’ ছাত্রজোটের ধর্মঘট
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি বাতিলের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের ডাকে ধর্মঘট চলছে।
৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন রোববার শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের তর্কাতর্কিও হয়।
এদিকে প্রগতিশীল জোটের ধর্মঘটের মধ্যে একই দাবিতে আরেকদল শিক্ষার্থী বিক্ষোভ করলে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ।
এতে সংঘর্ষ বেঁধে গেলে কয়েকজন আহতও হন, যার মধ্যে ছাত্রলীগকর্মীও রয়েছেন।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবির ক্যাডারদের নিয়ে ওই মিছিল হয়েছিল। বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা পাল্টা ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই হামলা প্রগতিশীল জোটের ওপর হয়েছিল বলে আগে উল্লেখ করা হলেও পরে ছাত্রলীগ ও জোট উভয় নেতারাই তা নাকচ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে ক্যাম্পাসের ভেতরে শহীদ মিনারের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট ছোড়াছুড়ি হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই পরিস্থিতি শান্ত হয়।
৪৮ ঘণ্টা ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। সকালে ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে সব ভবনে তালা ঝুলিয়ে দেয়। একারণে ভর্তি পরীক্ষা, ক্লাস ও প্রাশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
জোটের অন্যতম সংগঠন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে আমাদের কর্মসূচিতে বাধার সৃষ্টি করছে।”
জোটের সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি আহসান হাবিব বলেন, “চলতি শিক্ষাবর্ষে বেতন ৩৫ থেকে ৫০ টাকা, হল সংযুক্তি ফি ১০০০ টাকা এবং অন্যান্য নিয়মিত খাতসহ এক হাজার ৭০০ টাকা বৃদ্ধি করায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছি।”
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ময়নুল আজাদ বলেন, “ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত করতেই কয়েকটি ছাত্র সংগঠন অযৌক্তিকভাবে ধর্মঘট ডেকেছে।”
“বেতন বৃদ্ধি করা হয়নি। এবারই প্রথম হল চালু করায় সংযুক্ত ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।
