নোম্যান্সল্যান্ড থেকে ধরা পড়া গুলিবিদ্ধ বাংলাদেশির মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্তের ওপারে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বিজিবির বালারহাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানিয়েছেন, রোববার ভোরে গরু বিক্রেতা মুকুল মিয়া(২৫) ভারতের কুচবিহারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি ওই উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুকুল মিয়ার লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।
“তবে বিএসএফ এখনও নিশ্চিত করেনি কখন কি প্রক্রিয়ায় তারা লাশ ফেরত দিবে।
“আশা করা হচ্ছে রোববার সন্ধ্যার মধ্যে লাশ ফেরত পাওয়া যাবে।”
তবে বেলা আড়াইটা পর্যন্ত বিএসএফ থেকে কোন জবাব আসেনি বলে জানিয়েছেন হাবিলদার রেজাউল।
শনিবার ভোরে মুকুল খালিসা কোটাল সীমান্ত পিলারের ওপারে যান। এ সময় ভারতের কুচবিহার জেলার বসকোটল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
গুলি মুকুলের পিঠে লাগলে তিনি নোম্যান্স ল্যান্ডে পড়ে যান।
সকালের দিকে বিএসএফ থেকে জানানো হয় মুকুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
