২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র চুরির অভিযোগে আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মাগুরার শালিখায় উপজেলা নির্বাচনের দিন পুলিশের অস্ত্র চুরির ঘটনায় আটক রাজিব বিশ্বাস রাজু পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 09:00 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, রোববার ভোর ৪টার দিকে শালিখা উপজেলার গোবরা গ্রামে গোবরা স্কুলের পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।

রাজুকে শনিবার সকালে শালিখার সীমাখালী বাজার এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বাড়ির পাশের কলাবাগানে পুলিশের খোয়া যাওয়া চায়নিজ রাইফেলটিও পাওয়া যায়।

পুলিশ সুপার জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে রাজুর দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে গোবরা গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে ওঁত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় রাজু পালানোর চেষ্টা করলে গুলিতে নিহত হন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও পাঁচটি গুলি উদ্ধার করে বলে পুলিশ সুপার জানান।

তিনি জানান, চুরি ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মাগুরা সদর, শালিখা, যশোরের বাঘারপাড়া থানায় রাজুর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চুরির মামলায় তার দুই বছরের কারাদণ্ডও হয়েছে।

গত ২৭ ফেবুয়ারি সকালে শতখালী উইনিয়নের ‘গোবরাপঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়’ কেন্দ্র থেকে পুলিশের রাইফেলটি খোয়া গেলে তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।