২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা খন্দকার মাহবুব আহমাদের জীবনাবসান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 09:20 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সাবেক সংসদ সদস্য খন্দকার মাহবুবের বয়স হয়েছিল ৮৯ বছর।

তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

অসীম বলেন, “স্যার রাত ৭টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।”

গত এক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার প্রয়াতের চারটি জানাজা হওয়ার কথা রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম, বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয়, বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় এবং বিকাল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।

পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

খন্দকার মাহবুব দীর্ঘ দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ সালে দলীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটির সদস্য পদ থেকে বাদ পড়েন তিনি। এরপর থেকে তাকে আর দলীয় কার্যক্রমে দেখা যায়নি।

২০০১ সালের নির্বাচনে রাজধানীর ধানমন্ডি-মোহাম্মদপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মাহবুব। ওই সময়ে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

এছাড়া এই প্রবীণ আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দফা সভাপতি ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

রাজবাড়ী থেকে ফিরে রাত পৌনে ১২টায় খন্দকার মাহবুবের উত্তরার বাসায় গিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।