সংঘর্ষের পর পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সমাবেশ
পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর খাগড়াছড়িতে সবাই হাত তুলে শান্তি-সম্প্রীতি-সৌহার্দ্য রক্ষায় অঙ্গীকার করেন।
শনিবার বিকাল ৩টায় খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের বীচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ হয়েছে।
খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি গ্রামের চর এলাকা থেকে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাহাড়ি গৃহবধুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
এর জেরে ২৫-২৬ ফেব্রুয়ারি ভূয়াছড়ি গুচ্ছগ্রামের বাঙালিদের সাথে কমলছড়ি, বেতছড়ি খ্রিষ্টান পাড়া, বেতছড়ি মুখপাড়া ও বড়নাল গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংঘর্ষে ১৩ জন আহত হন।
সভায় বক্তারা কমলছড়ি গ্রামের গৃহবধু হত্যা এবং তার জেরে সংঘটিত ঘটনায়র জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটছে।
প্রত্যেক অভিভাবক তার সন্তানদের এবং সব গোষ্ঠীর নেতারা তাদের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারলে এ ধরণের ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব মনে করেন তারা।
সম্প্রীতি রক্ষায় জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃত্ব হেডম্যান-কার্বারী ও গুচ্ছগ্রামের নেতাদের তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।
কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুপন খীসার সভাপতিত্বে এ সভায় কমলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান ফরাজী, ভূয়াছড়ি গুচ্ছগ্রামের আবুল হোসেন, এস এম হায়দার আলী, পাহাড়িদের পক্ষে বিপ্লব তালুকদার, অনিতা রঞ্জন চাকমা, অরিন্দম চাকমা ও অন্যরা বক্তব্য দেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভূয়াছড়ি সাব জোনের কমান্ডার মেজর জাভেদ মিয়া, খাগড়াছড়ি থানার ওসি মিজানুর রহমান।
