রাজশাহীতে ছুরিকাঘাতে মাছ বিক্রেতা খুন
রাজশাহী শহরে এক মাছ বিক্রেতাকে পেটানোর পর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় শনিবার ওই মাছ বিক্রেতাকে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক (৩০) বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকায় থাকতেন। তাকে হত্যায় জড়িত অভিযোগে ওই এলাকার রাজমিস্ত্রি সাইদুল ইসলামকে খুঁজছে পুলিশ।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কেদুর মোড় এলাকার একটি চায়ের দোকানে রাজ্জাকের ওপর হামলা চালান সাইদুল।
স্থানীয়রা জানিয়েছে, প্রতিবেশী এই দুই ব্যক্তির মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, চায়ের দোকানে থাকা রাজ্জাককে একা পেয়ে তার ওপর আকস্মিক হামলা চালান সাইদুল।
“তিনি রাজ্জাককে লোহার রড দিয়ে পেটানোর পর ছুরি মেরে পালিয়ে যান।”
স্থানীয়রা রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানান।
