বরিশালে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন, রোববার হরতাল
ব্যালট ছিনতাই, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া বিভিন্ন অভিযোগে বরিশাল সদর উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।
এদিকে ভোটে কারচুপির অভিযোগ এনে রোববার বরিশাল সদর উপজেলা ও নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পশ্চিম কাউনিয়ায় নিজের বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী এনায়েত হোসেন অভিযোগ করেন, অধিকাংশ কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। দুএকটি কেন্দ্রে যারা প্রবেশ করেছিল তাদের মারধর করে বের করে দেয়া হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদুর রহমান রিন্টুর কর্মী সমর্থকরা ব্যালট ছিনতাই করে সিল দিয়ে বাক্স ভর্তি করেছে বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী এমডি আনোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌসও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জেলার রিটার্নিং অফিসার দুলাল তালুকদার জানান, তারা অভিযোগ খতিয়ে দেখবেন।
সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে নিয়ে গেছে ভ্রাম্যমাণ।
এ কারণে প্রায় এক ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সেলিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নির্দেশে পুলিশ সাজ্জাদ হোসেনকে করে নিয়ে যায়।
ম্যাজিস্ট্রেট জানান, সহকারী প্রিসাইডিং অফিসারের সামনে সিল দেয়া ব্যালট পেপার পাওয়া গেছে। বুথে ভোটাররা ব্যালটে সিল দিয়ে বাক্সে ফেলার কথা। কোনো নির্বাচনী কর্মকর্তার সামনে সিল দেয়া ব্যালট থাকার কথা নয়।
তিনি জানান, সাজ্জাদ হোসেনকে আটক দেখানো না হলেও তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।
জাল ভোট: আটক ২
এদিকে জাল ভোট দেয়ার অভিযোগে সদর উপজেলার সারসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক দুজন হলেন- মো. পারভেজ ও বাবুল মিয়া।
কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন দুয়ারী জানান, জাল ভোট দেয়ার অভিযোগে বিজিবি সদস্যরা সকাল পৌনে ১১টার দিকে ওই দুজনকে আটক করে নিয়ে যায়। এ সময় ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন।
