খুলনায় দুর্ঘটনায় দুই ভর্তিপরীক্ষার্থীসহ নিহত ৩
খুলনার আড়ংঘাটা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের বহনকারী একটি প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের আকমানের মোড়ে এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আড়ংঘাটা থানার ওসি আবু মুছা খন্দকার।
নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী প্রীপা (২১), জ্যোতি (২২) ও গাড়ির চালক জাকির হোসেন (২৫)।
প্রীপার বাবা প্রতাপ কুমার রুদ্র ও আরেক পরীক্ষার্থী রিতুকে (২২) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, প্রাইভেট কারটি খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আকমানের মোড়ে পৌঁছালে যশোরমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
