২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অপহৃত হাসপাতালকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অপহরণের দশ দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 09:07 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের একটি কলা ক্ষেতে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম।

নিহতের বড় ভাই রায়হান উদ্দিন সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লিংকনের লাশ শনাক্ত করেন।

ওসি ফজলুল করিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল ৮টায় লাশ উদ্ধার করে।

“লাশের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে।”

১৫ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের সামনে থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আব্রাহাম লিংকনকে মাইক্রেবাসে তুলে নিয়ে যায়।

পরদিন লিংকনের স্ত্রী ফারজনা শারমিন হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস) রুহুল আমীনসহ সাত জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেছেন।

তবে আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি বলে পুরিশ জানিয়েছেন।