যশোরে আফিল উদ্দিনের গাড়িতে হামলা
সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ভোটে বিজয়ী আওয়ামী লীগ নেতা শেখ আফিল উদ্দিনের গাড়িতে হামলা হয়েছে।
তবে গাড়িচালক তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে গাড়ি চালিয়ে নিয়ে আসায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে আফিল উদ্দিন জানান।
বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলায় এ হামলা চালানো হয় বলে আফিল উদ্দিন জানান।
শেখ আফিল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হলেও এখনো সংসদ সদস্য হিসেবে গেজেট হয়নি।
আফিল উদ্দিন সাংবাদিকদের জানান, বেলা ২টার দিকে যশোর থেকে শার্শা যাওয়ার সময় ঝিকরগাছা পূজামণ্ডপের কাছে স্থানীয় সন্ত্রাসী রাজুর নেতৃত্বে ৬/৭জন তার গাড়ির গতিরোধ করে। এসময় তারা হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গাড়ির পিছনের অংশ ভাংচুর করে।
হামলাকারীরা তাকে গালাগালও করে বলে জানান তিনি।
সাংসদের সঙ্গে থাকা শার্শা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের রবিউল সরদারের ছেলে রাজু সন্ত্রাসী। আগেও সে একবার অস্ত্রসহ আটক হয়েছিল।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ঝিকরগাছার পৌর মেয়র কামাল পাশা জামালের বাড়িতেও সে হামলা চালিয়েছিল, বলেন আজাদ।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে বিকালে শার্শা বাজারে সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, যেহেতু ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা থানা এলাকায়, তাই ওই থানায় মামলা হবে।
