দুই জেএমবি সদস্যের ১৫ বছর জেল
বোমা ফাটানোর প্রায় দুই হাজার ডেটোনেটর রাখার মামলায় জেএমবির দুই সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডিতরা হলেন- নারায়ণগঞ্জের ফরাজীকান্দা সরকার বাড়ির মো. সাইফুল ইসলাম এবং দিনাজপুরের নবাবগঞ্জের নীলকণ্ঠপুরের আবদুর রহমান আলাল ওরফে ফাহাদ।
২০০৬ সালে গ্রেপ্তারের সময় দুজনের বয়স ছিল ২০ বছর। সেই হিসেবে বুধবার রায়ের সময় এজলাসে উপস্থিত এই দুজনের বয়স ২৮ বছর।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের রাবনা বাইপাসে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যে গাজীপুরের সফিপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর থানা এলাকা থেকে ১৯৯৫টি ডেটোনেটর ও অবৈধ অস্ত্র ও গুলি পায় পুলিশ।
সেদিনই টাঙ্গাইল থানায় মামলা করেন টাঙ্গাইলের সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আব্দুর রব।
জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে অবৈধভাবে বিস্ফোরক সামগ্রী দখলের রাখার অভিযোগ এনে দুই জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয় ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি।
মামলাটি ২০০৯ সালে তা ঢাকার দ্রুতবিচার আদালতে স্থানান্তর হয়। দ্রুতবিচার আদালত-৩ এর বিচারক এ বিএম সাজেদুর রহমান এই মামলার রায় দেন।
রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। অর্থ দিতে ব্যর্থ হলে আরো ২ বছর কারাভোগ করতে হবে তাদের।
অপরাধ প্রমাণিত না হওয়ায় বিচারক মামলার অন্য আসামি আবু তালেবকে খালাস দিয়েছেন। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার রংমহলে।
সাইফুল ও রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনেও টাঙ্গাইলে মামলা রয়েছে। এছাড়া হত্যামামলাও রয়েছে।
ঘটনার দিন আটকের সময় দণ্ডিতরা গুলি চালালে কনস্টেবল মো. সিরাজ এবং পুলিশের সোর্স জয়নাল গুলিবিদ্ধ হন।
জয়নাল পরে মারা গেলে টাঙ্গাইল থানায় হত্যামামলা হয়। ওই মামলাটি এখন ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি মাহবুবুর রহমান।
