২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচর উপজেলার নির্বাচন স্থগিত

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত করেছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সীমান্ত বিরোধের মামলায় হাই কোর্টের বিচারপতি মো. মির্জা হোসেন হায়দার ও মো. খুরশিদ আলম সরকারের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

চাঁদুপরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, আদালতের নির্দেশ সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি নির্দেশনা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছার পর নির্বাচন স্থগিত করা হয়।

হাইমচর ও পাশবর্তী শরীয়তপুর জেলার ঘোষাইরহাট এলাকার সীমানা বিরোধের অভিযোগে নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট আবেদন করেন হাইমচরের ঈশানবালা এলাকার রায়হান খান।

এ ব্যাপারে পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে আগামী ৬ মার্চ, বলেন জেলা প্রশাসক।

ঘোষিত তফসিল অনুযায়ী চাঁদপুরের হাইমচরে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

ব্যাপক প্রচার-প্রচারণা করে নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করেছিলেন প্রার্থীরা। এখানে মোট ভোটার ৬৯ হাজার ৭৮০। ভোট কেন্দ্র ৩১টি।

নির্বাচন স্থগিত হওয়ায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান উপজেলা ও চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া জামানত হারানোর ভয়ে ইন্ধন দিয়ে এই নির্বাচন স্থগিত করেছেন। জনগণ তাকে প্রত্যাখান করবে।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ পাটওয়ারী বলেন, “বিজয়ের দ্বারপ্রান্তে ছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে জনবিচ্ছিন্ন বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া ষড়যন্ত্রমূলকভাবে এই নির্বাচন স্থগিত করেছে।”

এ ব্যাপারে বর্তমানে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া বলেন, “আমি এই ঘটনার জন্য কোনোভাবে দায়ী নই।”