টেকনাফে বৃদ্ধকে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার পরিবারের আরো তিনজন।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়ি পাড়ায় এ ঘটনায় নিহত হন আবদুল আমিন (৭৫)।
তিনি ওই এলাকার মৃত অলি আহমদের ছেলে।
এতে আহত আবদুল আমিনের স্ত্রী নুর জাহান (৬২), মেয়ে হাছিনা আকতার (৩০) ও নাতি তোফায়েল আহামদকে (১৫) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আটককৃতরা হলেন, সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়ি পাড়ার মীর হোসেন (৩৫), সৈয়দ আহামদ (৩০), নুর জাহান বেগম (৪৫) ও রুনা আকতার (২৫।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে গুলি করে তার বাবাকে হত্যা করেছে।
