২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মান’ ভেঙে বায়রার অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী

তিন বছর পর বায়রার কোনো অনুষ্ঠানে যোগ দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 01:42 AM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার রাতে ‘বায়রা মেধা পুরস্কার’ অনুষ্ঠানে যোগ দিয়ে বায়রার সঙ্গে তার এই সময়ের সম্পর্ক নিয়ে রসিকতাচ্ছলে বলেন, “আপনাদের বকার কারণে খাইতে গেলেই জিহ্বায় কামড় খাই।”

এসময় মঞ্চ থেকে কয়েকজন বায়রা সদস্য ‘না’ সূচক ভঙ্গীতে হাত নাড়ান এবং সামনে থাকা বায়রা সদস্যরা ‘না না’ বলে চিৎকার করতে থাকে।

বক্তব্যে মন্ত্রী সরকারকে প্রতিপক্ষ না ভাবতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানান।

“সরকারকে প্রতিপক্ষ ভাবলে আবার ভেজাল লাগবে। কাজেই অভিবাসন ব্যয় কমিয়ে চাহিদাপত্র নিয়ে আসুন, সরকার আপনাদের সহযোগিতা করবে।”

‘অতিলোভীদের’ অব্যবস্থাপনার কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ কয়েকটি দেশে বাংলাদেশের অভিবাসন বন্ধ হয়ে গেছে বলে জানান মন্ত্রী ।

মন্ত্রীর সঙ্গে অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে সহমত পোষণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত বায়রা সভাপতি শাহজালাল মজুমদার।

তিনি বলেন, “মাননীয় মন্ত্রী, আপনি আমাদের জন্য শুধু যৌক্তিক সার্ভিস চার্জ নির্ধারণ করে দিন, আমরা লোক পাঠাব।”

বায়রা সদস্যদের প্রতি ‘সদয়’ হতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সচিব খন্দকার শওকত হোসেন, জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এবং বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরীও অনুষ্ঠানে ছিলেন।

বায়রা অযথা চাপ দিচ্ছে: মন্ত্রী

আইন ভাঙলে বায়রা থাকবে না: মোশাররফ

'বায়রার ধর্মঘটে প্রভাব পড়বে না জনশক্তি রপ্তানিতে'