‘গতবছর ৬৭ আদিবাসী নারী-শিশু সহিংসতার শিকার’
২০১৩ সালে বাংলাদেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৬৭ জন নারী ও শিশু নির্যাতিত হয়েছেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফামের সহায়তায় কাপেং ফাউন্ডেশন মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত এ প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী।
এতে বলা হয়, ২০১৩ সালে দেশের পার্বত্য ও সমতল মিলিয়ে মোট ৬৭ জন নির্যাতিত হয়েছেন, যার মধ্যে ১৫ নারী-শিশু ধর্ষিত হয়েছেন। ২০১২ সালে সারা দেশে নির্যাতিতের এই সংখ্যা ছিল ৭৬।
প্রতিবেদনে বলা হয়, “যেসব আদিবাসী নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে তাদের ৬৯ শতাংশের বয়স ১৮ বছরের নিচে।”
এতে আরো বলা হয়, ৮৯ শতাংশ নির্যাতনের ঘটনার জন্যই পার্বত্য অঞ্চলে বসতি স্থাপনকারী বাঙালি ও ভূমিদস্যুরা দায়ী।
এছাড়া সাত ভাগ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য এবং চার শতাংশের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়ী।
গতবছর মোট ৩৪৬টি ‘আদিবাসী’ পরিবারের ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস এবং লুটপাট করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গতবছর বাংলাদেশের জন্য ‘দুর্বছর’ ছিল- মন্তব্য করে জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, “প্রত্যেক বছর তো দুর্বছর হবে না।”
তাই ভবিষ্যতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ওপর সহিংসতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক এই উপদেষ্টা বলেন, “একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের প্রতিবেদন সরকারকে লজ্জায় ফেলে না কিংবা বিব্রত করে না, বরং এসব রিপোর্ট দেশের বর্তমান অবস্থাকে তুলে ধরে।”
প্রতিবেদনের অনুলিপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও শীর্ষ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালিম চন্দ্র বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন।
