২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতি মাদ্রাসায় বিস্ফোরণ: শুনানি পিছিয়েছে

হেফাজতি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 07:09 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানির জন্য নির্ধারিত ছিল।

রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করায় আদালত আগামী ২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারভুক্তদের মধ্যে অভিযোগপত্রে দুই জনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

“এদের মধ্যে একজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। অন্যজন সদ্ধিগ্ধ। এ সংক্রান্ত তথ্য যাচাই বাছাইয়ের জন্য আদালতের নিকট সময় প্রার্থনা করেছি।”

আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের হয়রানি করার জন্য সময় প্রার্থনা করেছেন।

গত ১০ ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও তার ছেলে মুফতি হারুণ ইজাহারসহ নয়জনকে অভিযুক্ত করে মাদ্রাসায় বোমা হামলায় হতাহতের ঘটনায় করা তিন মামলার মধ্যে বিস্ফোরক আইনের মামলাটির অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশের পরিস্থিতি ‘অস্থিতিশীল’ করতেই মাদ্রাসায় ‘গ্রেনেড’ বানানো হচ্ছিল।

এই মামলার প্রধান আসামি লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী উচ্চ আদালত থেকে গত ২৮ জানুয়ারি আট সপ্তাহের জামিন নিয়েছেন বলে জানান তার আইনজীবী আবদুস সাত্তার।

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে মুফতি হারুন বিন ইজাহার অন্য মামলায় ঢাকায় গ্রেপ্তার আছেন।

এই মামলার গ্রেপ্তার ছয় আসামি হলেন- মাদ্রাসার ডাইনিং সুপার মুনির হোসেন, শিক্ষক তাফসির আহমদ, আবদুল মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান, মো. জুনায়েদ ও মো. ইছহাক।

আব্দুল হাই ওরফে সালমান নামের আরেক আসামি পলাতক আছেন।

গত বছরের ৭ অক্টোবর চট্টগ্রাম শহরের লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে।

এতে পাঁচজন আহত হন। পরে বিস্ফোরণে আহত তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরক মামলার এজাহারে মৃত তিন জনেরও নাম ছিল।

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহার ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। তার ছেলে হারুন ছিলেন ছাত্রবাসের দায়িত্বে।

মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ওই ঘটনাকে ‘ল্যাপটপ বিস্ফোরণ’ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা ও অ্যাসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এরপর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ইকবাল নামের একজনের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় অভিযোগপত্রে তাকে অভিযুক্ত করা হয়নি।

পাশাপাশি বিস্ফোরণে মৃত তিনজনকে মামলার দায় থেকে অব্যাহতি দিতে আবেদন করা হয় বলে জানান এসআই লোকমান।