২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর হত্যা মামলার আপিল শুনানি দ্রুত করার উদ্যোগ

আলোচিত বিডিআর হত্যা মামলার আপিলের শুনানি দ্রুত শুরু করার জন্য মামলার পেপার বুক তৈরিতে উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ আদালত।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 12:36 AM

Updated : 22 Aug 2022, 05:47 PM

মামলা নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘসূত্রতার আশঙ্কার মধ্যে পেপার বুক ছাপার জন্য স্বয়ংক্রিয় মেশিন কিনতে এর মধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

নিয়মানুযায়ী, বিচারিক আদালত কোনো মৃত্যুদণ্ড দেয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয় না। ডেথ রেফারেন্স হিসেবে তা আসে হাই কোর্টে। আর ডেথ রেফারেন্স শুনানি শুরুর জন্য পেপারবুকের প্রয়োজন হয়।

মামলার সব কাগজপত্র, সাক্ষী-সাবুদ, এফআইআর ও রায় সংকলিত করে পেপারবুক তৈরি হয় সরকারি বিজি প্রেসে। পেপারবুক তৈরি হলে আপিলের শুনানির জন্য প্রধান বিচারপতি একটি বেঞ্চকে শুনানির জন্য দায়িত্ব দেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজি প্রেসে বিডিআর হত্যা মামলার পেপার বুক তৈরিতে কয়েক বছর বলে লেগে যাবে বলে ইতোমধ্যে তিনটি ডিজিটাল অটোমেটিক ডুপ্লিকেটিং মেশিন কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

“আগ্রহীদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। যতদ্রুত সম্ভব আমরা সেই মেশিন সংগ্রহ করব। মেশিন হাতে পেয়ে গেলে সর্বোচ্চ এক মাসের মধ্যে পেপার বুক তৈরি হয়ে যাবে।”

পেপার বুক তৈরি হলেই আলোচিত এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি কোনো একটি কোর্টকে দায়িত্ব দিয়ে দিতে পারেন।

“আমরা আশা করছি, কয়েক মাসের মধ্যেই এই মামলার শুনানি শুরু করা যাবে,” বলেন রেজিস্ট্রার।

বিজি প্রেসে এখনো ২০০৯ সালের ডেথ রেফারেন্সগুলোর পেপার বুক তৈরি করা হচ্ছে জানিয়ে শামসুল বলেন, বর্তমানে ৩৯৮টি ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বিচারাধীন। ২০১৩ সালে ১১১টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি হয়েছে।

তবে প্রধান বিচারপতি চাইলে ধারাবাহিকতা লঙ্ঘন করে নির্দিষ্ট ডেথ রেফারেন্সের শুনানির আদালত ঠিক করে দিতে পারেন বলে জানা তিনি।

রেজিস্ট্রার বলেন, “এর আগে খালাফ হত্যা মামলায় ডেথ রেফারেন্সের শুনানিও ক্রম ভেঙে শুনানি হয়েছে। বিডিআর হত্যা মামলাও একটি স্পর্শকাতর মামলা। প্রধান বিচারপতি চাইলে এটাও বিশেষভাবে শুনানি করতে পারেন।”

এজন্য মামলার কোনো একটি পক্ষ থেকে বিশেষ বেঞ্চ চেয়ে আদালতের কাছে আবেদন করতে হবে বলে জানান তিনি।

“তবে এখন পর্যন্ত এই মামলার কোনো পক্ষ বিশেষ বেঞ্চ চেয়ে আবেদন করেনি।”

এবিষেয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেপার বুক তৈরি হলে শুনানি দ্রুত করার জন্য আবেদন করব কি-না, সরকারের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব।”

মামলার বিষয়ে তিনি বলেন, বিডিআর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সব নথি ডেথ রেফারেন্স কেস হিসাবে হাই কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে।

এই মামলার আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার সাংবাদিকদের বলেন, “যেহেতু এটা সর্বকালের সর্ববৃহৎ এবং সর্ব আলোচিত একটা মামলা। তাই এই মামলাটা করার জন্য আমার মনে হয়, একটা কোর্ট নির্ধারণ করে দেয়া দরকার। সেক্ষেত্রে প্রধান বিচারপতি যদি একটি কোর্ট নির্ধারণ করে দেন।

সেক্ষেত্রে দ্রুততম সময়ে হলেও আপিল নিষ্পত্তিতে দুই/তিন বছর লেগে যেতে পারে বলে মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপিল কয়জনের হয়েছে, তার পরিসংখ্যান এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে যাদের ৩ বছর ৫ বছর সাজা হয়েছে তাদের আপিলও আমরা ফাইল করেছি।”

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের প্রায় দুই বছর পর এ বাহিনীর নাম বদলে ফেলা হয়, যে বিদ্রোহে তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন।

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় ১৫২ জনকে জওয়ানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ৮৪৬ জন জীবিত আসামির মধ্যে ২৭৭ জন বেকসুর খালাস পান। তাদের মধ্যে ১৬১ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৪ জন পলাতক। বন্দি অবস্থায় একজন মারা গেছেন। বাকিদের আপিলের শুনানি হবে।

পুরনো খবর:

পিলখানা হত্যা: ১৫২ আসামির ফাঁসির রায়