২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৮ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আলাদা অভিযানে ইসলামী ছাত্র শিবিরের একটি থানার সভাপতিসহ ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নগরী ও লোহাগাড়া উপজেলায় অভিযানে তাদের ধরা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে শিবিরের নগরীর কোতোয়ালী থানার সভাপতি মাহবুবুর রহমান (২৮), লোগাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শিহাব উদ্দিন ও উত্তর আমিরাবাদ এলাকার শিবিরনেতা শাহজাহান রয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) আব্দুর রউফ জানান, সোমবার দুপুরে আন্দরকিল্লা মোড় থেকে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহবুবুরের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও ভাংচুরের অভিযোগসহ আটটি মামলা আছে।”

রউফ জানান, মাহবুবুবের নেতৃত্বে নির্বাচন পূর্ববর্তী সময়ে কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত হয়।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্র্যন্ত বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে প্রাথমিক যাচাই শেষে নিশ্চিত হওয়া গেছে।”

গত বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে করা মামলার রায় ঘোষণার পর লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় একাধিক সহিংসতার ঘটনা ঘটে।

জামায়াত-শিবিরকর্মীদের হামলায় লোহাগাড়ায় এক পুলিশ সদস্যও নিহত হন।

ওসি শাহজাহান বলেন, ওই সময়ের বিভিন্ন নাশকতার ঘটনায় করা মামলাগুলোতে গ্রেপ্তার অনেকেই আসামি।