২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিনাদোষে যাবজ্জীবনপ্রাপ্ত দম্পত্তি মুক্ত

গৃহকর্মী গুমের ‘মিথ্যা অভিযোগের’ মামলায় যাবজ্জীবন দণ্ডিত এক দম্পত্তি হাই কোর্টের জামিনে জামালপুর কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 10:36 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার জেলা কারাগার থেকে মুক্ত এ দম্পতি হলেন শহরের স্টেশন রোডের প্রয়াত আব্দুল মতিনের ছেলে শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী সাহেরা বেগম সজনী (৩০)।

ইতোমধ্যে তারা ৬ মাস ২২ দিন কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হয়ে তারা একমাত্র শিশু কন্যা সানুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ২০১৩ সালের নভেম্বরে জেলা কারাগারে হাজতিদের খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন শাহীন মিয়া ও সাহেরা বেগম সজনী বিনাদোষে যাবজ্জীবন কারাভোগ করছেন।

তাদের কথা শুনে তিনি বিষয়টির তদন্ত শুরু করেন।

এসপি নজরুল বলেন, শাহীন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রী সাহেরা বেগম সজনী ও শিশু কন্যা সানুকে (৭) নিয়ে শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

তাদের বাসায় গৃহকর্মী ছিলেন শ্রীমঙ্গলের তরাজ মিয়ার মেয়ে লাকী।

২০০৪ সালে গৃহকর্মী লাকীসহ ওই দম্পতি জামালপুরে আসেন। জামালপুরের বাসায় থাকার সময় লাকী হঠাৎ একদিন পালিয়ে যান।

এরপর লাকীর বাবা মেয়েকে গুম করার অভিযোগে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (৭৮/২০০৪ নং) দায়ের করেন। অভিযুক্ত দম্পতির অনুপস্থিতিতে এ মামলার রায় হয়। রায়ে এই দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০০৭ সালে।

২০১৩ সালের ৩১ জুলাই জামালপুরের পুলিশ এই দম্পত্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এসপি আরো জানান, এক পর্যায়ে তিনি (এসপি নজরুল ইসলাম) মৌলভী বাজার ও হবিগঞ্জে পুলিশ সুপারের সহায়তায় কথিত গুম হওয়া গৃহকর্মী লাকীকে হবিগঞ্জের বাহুবলে তার স্বামী জসিম উদ্দিনের বাড়ি থেকে আটক করেন। একই সাথে আটক করা হয় তার বাবা মামলার বাদী তরাজ মিয়াকে।

কথিত গুমের মামলায় কারাগারে থাকা এই দম্পতিকে উচ্চ আদালত ৬ মাসের  জামিন মঞ্জুর করলে রোববার বিকালে তারা ছাড়া পান।

মুক্ত করার জন্য তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।