২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে জগন্নাথ রণক্ষেত্র

‘তিব্বত হল’ দখলমুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 12:41 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার সকাল সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় হলের সামনে এ সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে এক শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের সরাতে পুলিশ দফায় দফায় টিয়ার শেলও ছুড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নয়বাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আশরাফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সংযত হওয়ার অনুরাধ করলে পুলিশ সদস্যরা গুলি বন্ধ করে পিছনে সরে আসেন।

লালবাগ পুলিশের উপ কমিশনার হারুনুর রশিদ বলেন, “ছাত্ররা পুলিশের দিকে বৃষ্টির মতো ঢিল ছুড়েছে। আমাদের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্র-ছাত্রীরা হল দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে তারা তিব্বত হলের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষার্থীরা ইট ছুড়তে থাকলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম শরিফুল ইসলাম, স্নাতক প্রথম বর্ষের ছাত্র মাসুম বিল্লাহসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

পুলিশের ধাওয়ায় তিব্বত হল থেকে সরে এসে বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসির আহমেদ পুলিশের রাবার বুলেটে আহত হন।

শিক্ষক সমিতির সদস্যদের অনুরোধে বেলা পৌনে ১টার দিকে পুলিশ সদস্যরা গুলি থামিয়ে সরে গেলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান।

‘তিব্বত হলটি’ দখলমুক্ত করতে চলতি মাসের শুরু থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা, যে ছাত্রাবাসটি ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ২০০০ সাল থেকে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, “ভূমিদস্যুরা বিশ্ববিদ্যালয়ের হল দখল করে জনপ্রতিনিধি সেজে বসেছেন। তিব্বত হল দখল করে গুলশান আরা সিটি শপিং কমপ্লেক্স করে তিনি কোটি কোটি টাকা আয় করছেন।”

‘ভূমিদস্যুদের’ উৎখাত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি।