২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার বার্তা নিয়ে বিবিসি সংলাপে উত্তাপ

বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির অডিও বার্তা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি দোষারোপের ঘটনা ঘটেছে বিবিসি সংলাপে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 12:48 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

প্যানেলভুক্ত আলোচক ও দর্শকদের কয়েকজন ওই অডিও বার্তাটি নিয়ে ‘রাজনৈতিক মন্তব্য’ না করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে মত দেন।

পাশাপাশি আল কায়েদার হুমকির বিষয়ে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শও দেন আলোচকরা।

শনিবার রাত সোয়া ৮টায় রাজশাহী লালন শাহ মুক্তমঞ্চে বাংলাদেশ সংলাপের একষট্টিতম পর্বের আলোচনায় দর্শক ও প্যানেলভুক্ত আলোচকরা এসব বলেন।

বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেনের সঞ্চালনায় সংলাপে আলোচক হিসেবে অংশ নেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল হান্নান এবং রাজশাহী জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প ফোরামের সভাপতি রোজেটি নাজনীন।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা রোজেটি নাজনীন বলেন, “যারাই হুমকি দিক এটি দেশবাসীর জন্য অস্থিতিকর। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েনে দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেই অরাজকতার মধ্যে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে চাচ্ছে।

“আর যার ফলে বিষয়টি নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। তবে বিষয়টি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত করা প্রয়োজন।”

বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু দাবি করেন, জাতীয় নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে সরকারের ভিতর থেকে আল কায়েদার অডিও বার্তা প্রচার করা হচ্ছে।

রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করতে ও যুক্তরাষ্ট্রকে কাছে পেতেই সরকার ওই বার্তাটি বের করেছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান রাজশাহীর সাবেক এ মেয়র।

মিনুর অভিযোগ অস্বীকার করে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, “সরকার আন্তর্জাতিক কোনো মহলকে কাছে পাওয়ার জন্য কখনো চেষ্টা করছে না।

“যারা জনগণের সঙ্গে থেকে রাজনীতি করেন তারা কখনো এটাকে নিয়ে মনগড়া মন্তব্য করতে পারেন না। বরং যারা এই ইস্যু নিয়ে রাজনীতি করতে চায় তাদেরও শাস্তির ব্যবস্থা করা উচিৎ।”

অডিও বার্তাটি কারা ছড়িয়েছে তা তদন্তের পরই সামনে আসবে বলে মন্তব্য করেন ওমর ফারুক চৌধুরী।

তবে ভিন্নমত দেন প্যানেল সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আবদুল হান্নান।

জামায়াতপন্থী এই শিক্ষক বলেন, “জামায়াতে ইসলামী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হয়েছিল। সরকারপক্ষ ক্ষমতাকে পাকাপোক্ত করতেই আয়মান আল জাওয়াহিরির কথিত অডিও বার্তাটি তৈরি করে জামায়াত-শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করার চেষ্টা করছে মাত্র।”

এছাড়াও সাম্প্রতিক উপজেলা নির্বাচন, প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু, রাজশাহীতে শিল্প-কারখানা স্থাপন বিষয়ে কথা হয় সংলাপে।