২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো বইয়ের’ আক্ষেপ বইমেলায়

একুশে বইমেলায় সংখ্যায় বইয়ের কমতি না থাকলেও ভালো মানের বই নেই বলে আক্ষেপের সুর শোনা গেল মেলার দর্শনার্থীদের কণ্ঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 10:35 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শনিবার ২২তম দিন পর্যন্ত বইমেলায় এসেছে দুই হাজার ২৫১টি নতুন বই, যার মধ্যে সবচেয়ে বেশি হলো কবিতার বই।

মেলায় এতো বই এলেও তার বেশির ভাগই পাঠকদের টানতে পারছে না বলে মত দিয়েছেন দর্শনার্থীরা।

তাদেরই একজন গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় অনেক বই এসেছে। কিন্তু, ভালো বইয়ের সত্যিই অভাব রয়েছে। তবে তারপরও বেশকিছু বইয়ের তালিকা করেছি। সেগুলো দেখেই বই কিনছি।”

পাঠকদের এই আক্ষেপ একভাবে স্বীকার করে নেনে কোনো কোনো প্রকাশক।

এর কারণ হিসেবে ভাল লেখকের অভাব রয়েছে বললেন ইত্যাদি গ্রন্থপ্রকাশের স্বাত্বাধিকারী আদিত্য অন্তর।

তিনি বলেন, “কারণ, দেশে লেখকের অভাব রয়েছে। একটি প্রজন্মের অনেকেই চলে গেছেন, বাকিদেরও বয়স হয়েছে।

“জানি না, তাদের পর প্রকাশনা শিল্পের কি হবে,” কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে মন্তব্য করলেন আদিত্য।

তারপরও বইয়ের বিকিকিনি যা হচ্ছে তাতে সন্তুষ্ট তিনি।

“মেলায় ঘুরেফিরে বেড়ানোর সময় এখন আর নেই। এখন যারা মেলায় আসছেন, তাদের অধিকাংশই বই কিনছেন।”

বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাসানুজ্জামানকে দেখা গেলো মাওলা ব্রাদার্সের স্টলের সামনে দাঁড়িয়ে তালিকা করে বই কিনতে।

তিনি বলেন, “আমি একুশের আগে দুই দিন মেলায় এসেছিলাম। ওই দু’দিন কোনো বই কিনিনি। বিভিন্ন প্রকাশনা সংস্থা ঘুরে সংগ্রহ করেছি, নতুন বইয়ের তালিকা। সেখান থেকে পছন্দের বিষয় ও লেখকের বই কিনতে আজ মেলায় আসছি।”

এদিকে বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে দু’টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে অধ্যাপক গোলাম মুস্তাফা ও পার্থ সেন গুপ্ত।

আলোচনা অংশগ্রহণ করেন অনিরুদ্ধ কাহালি, দিব্যদ্যুতি সরকার এবং মোহাম্মদ আজম। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মো. সুলতান হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘মাটির সুর সঙ্গীত পরিষদ’, সরওয়ার কামাল রবীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ এবং সুলতানা হায়দারের পরিচালনায় নৃত্য সংগঠন ‘সুকন্যা নৃত্যাঙ্গন’।

এদিকে ২২তম দিনে মেলায় সবচেয়ে বেশি এসেছে কবিতার বই।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত মেলায় মোট বই এসেছে ২২৫১টি নতুন বই, যার মধ্যে কবিতার বই ৫৪০টি।

এছাড়া রয়েছে- গল্প ৩০১, উপন্যাস ৪০৮, প্রবন্ধ ১৫১, গবেষণা ৩৮, ছড়া ৭৭, শিশুতোষ ৮০, জীবনী ৬৯, রচনাবলী ৯, মুক্তিযুদ্ধ ৪৬, নাটক ২৩, বিজ্ঞান ৩৪, ভ্রমণ ৫০, ইতিহাস ৩১, রাজনীতি ১৩, চিকিৎসা ১৫, কম্পিউটার ৯, রম্য ৬০, ধর্মীয় ৩১, অনুবাদ ১৭, অভিধান ৩, বৈজ্ঞানিক কল্পকাহীনি ২৯ এবং অন্যান্য বিষয়ের উপর ২১৭টি বই ।

নতুন বই

শনিবার অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ১৬০টি নতুন বই, মোড়ক উন্মোচন করা হয়েছে ২০টি বইয়ের।

এর মধ্যে রয়েছে- গল্প ২২, উপন্যাস ২১, প্রবন্ধ ৮, কবিতা ৩৭, গবেষণা ২, ছড়া ১৭, শিশুসাহিত্য ৯, জীবনী ৭, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ৩, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ২, রম্য/ধাঁধা ৭, অনুবাদ ১ এবং অন্যান্য বিষয়ের উপর এসেছে ১৯টি নতুন বই।