২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় হামলা

ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগে হামলা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

শনিবার রাতে উপজেলা সদরে এ হামলায় চার সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

এ হামলার জন্য স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থকদের দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন।

আহত ভোরের আলো প্রতিনিধি ইউনুছ শরীফ এবং বাংলা ভিশনের ক্যামেরা পারসন শামিম আহমেদকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সময় টিভি’র ক্যামেরা পার্সন উৎপল দেবনাথকে প্রাথমিক চিকিসা দেয়া হয়েছে।

অন্যদের নাম তাৎক্ষণিকভাবে  জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন চরফ্যাশন উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে উপজেলার সদর রোডে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া গণসংযোগ করছিলেন।

এ সময় হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এসে অতর্কিত তাদের উপর হামলা চালায়। এতে বিএনপির অন্তত ২০ কর্মী আহত হয়।

তবে, অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এ হামলার সঙ্গে ছাত্রলীগ কিংবা যুবলীগের কেউ জড়িত  নয়।

হাটবার  উপেক্ষা করে সমাবেশ করায় জনতা তাদের ধাওয়া করেছে, যার ফলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে বলে তিনি জানান। 

আহত সময় টিভির ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ জানান, হামলার ছবি তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করে। এতে চার সাংবাদিক আহত হন।

চরফ্যাশন থানার ওসি আবুল বাশার হামলার ঘটনা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।