যশোর কারাগার থেকে বোমা উদ্ধার
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার সকালে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই রবিউল জানান, বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে সুগন্ধা ব্যারাকের পূর্বপাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো একটি পলিথিন ব্যাগের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো ছিল।
ব্যারাকে জেল পুলিশের সদস্যরাই থাকেন। এখানে জনসাধারণের প্রবেশাধিকার সীমাবদ্ধ। বোমাগুলো থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর কামরুল হুদা জানান, কারাগার একটি সুরক্ষিত এলাকা। কারা প্রশাসনকে বিব্রত করতে কোনো রক্ষী এমন কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ডিআইজি (প্রিজন) মহোদয়ের নির্দেশক্রমে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তপূর্বক পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
